
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
ইউনিয়ন পর্যায়ে সরকারি সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গৃহীত মনিটরিং কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভূমি অফিসে দিনব্যাপী মনিটরিং ও পর্যবেক্ষণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছেন চান্দিনা উপজেলা এনসিপির আহ্বায়ক আবুল কাশেম অভি।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া এ কার্যক্রমে ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা খাত—যেমন নাগরিক সনদ, জন্ম ও মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স প্রদান এবং ভূমি সংক্রান্ত সেবার কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়। এ সময় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের অভিজ্ঞতা ও অভিযোগ শোনা হয়।
মনিটরিং চলাকালে আবুল কাশেম অভি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, “সাধারণ জনগণ যেন নির্ধারিত সময়ের মধ্যে সেবা পায় এবং কোনো অবস্থাতেই অতিরিক্ত ফি আদায় না করা হয়। সেবার ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা হয়রানি সহ্য করা হবে না।” তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জনে স্বচ্ছতা ও দায়িত্বশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় তার সঙ্গে উপস্থিত সহযোদ্ধাগণও সেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তারা সেবা প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত এবং হয়রানিমুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
আবুল কাশেম অভি বলেন, “এরপরও যদি মহিচাইল ইউনিয়নে কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম বা সেবায় গাফিলতির ঘটনা কারও নজরে আসে, তাহলে সুস্পষ্ট প্রমাণসহ প্রশাসন অথবা আমাদের অবগত করার জন্য সবাইকে অনুরোধ করছি। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে যথাযথ ব্যবস্থা গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ।”
স্থানীয় সচেতন মহল এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের মনিটরিং কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হলে ইউনিয়ন পর্যায়ে সেবার মান বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমবে।
Leave a Reply