
সুজন মজুমদার ||
বিআরটিএ সরকারি রাজস্ব আদায়ের পাশাপাশি জনস্বার্থে গুরুত্বপূর্ণ বিভিন্ন কার্যক্রম সুচারুভাবে পরিচালনার চেষ্টা করে যাচ্ছে। কুমিল্লা একটি বিশাল হাইওয়ে এলাকা — প্রায় ১০০ কিলোমিটার দীর্ঘ এই মহাসড়কে সড়ক দুর্ঘটনার হার তুলনামূলকভাবে বেশি।
সড়ক দুর্ঘটনায় আহত বা নিহতদের পরিবার যেন দুর্ঘটনার ৩০ দিনের মধ্যে সরকারি সহায়তার জন্য আবেদন করে— এমন আহ্বান জানিয়েছেন বিআরটিএ কুমিল্লা সার্কেলের সহকারী পরিচালক ফারুক আলম।
বুধবার (২৯ অক্টোবর) সাংবাদিক সুজন মজুমদারের সঙ্গে বিআরটিএ কুমিল্লা অফিসে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
সহকারী পরিচালক ফারুক আলম জানান, সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার এখন থেকে সরকারের নির্ধারিত “সড়ক দুর্ঘটনা সহায়তা তহবিল” থেকে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। একই সঙ্গে গুরুতর আহত বা অঙ্গহানি হওয়া ব্যক্তিদের জন্যও রয়েছে আর্থিক সহায়তার ব্যবস্থা।
সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী এই সহায়তা প্রদান করা হচ্ছে। আইন অনুযায়ী, নিহতের পরিবারকে ৫ লক্ষ টাকা, গুরুতর অঙ্গহানি বা জীবন পরিবর্তনকারী আহত ব্যক্তিকে ৩ লক্ষ টাকা, এবং সাধারণ আহত ব্যক্তিকে ১ লক্ষ টাকা সহায়তা দেওয়া হবে। এই অর্থ প্রদান করা হবে সড়ক দুর্ঘটনা সহায়তা তহবিল ট্রাস্টি বোর্ড-এর মাধ্যমে।
অফিস সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট ট্রাস্টি বোর্ডে আবেদন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে আর্থিক সহায়তা পাওয়ার যোগ্যতা হারাতে পারেন ভুক্তভোগী বা তার পরিবার। যাচাই-বাছাই শেষে সহায়তার অর্থ প্রদান করা হবে।
ফারুক আলম আরও জানান, “কুমিল্লা বিআরটিএ অফিস, উপজেলা প্রশাসন কার্যালয় কিংবা অনলাইনে আবেদন ফরম পাওয়া যাবে। আবেদনকারীদের সকল প্রয়োজনীয় ডকুমেন্ট ও সঠিক তথ্য উপস্থাপন করতে হবে। কোনো প্রকার ভুল তথ্য বা ঘাটতি রাখা যাবে না।”
Leave a Reply