1. pcumilla30@gmail.com : Suzan :
কুমিল্লা বোর্ডে শিক্ষার্থী কম, ফাঁকা থাকবে লাখের বেশি আসন - প্রথম কুমিল্লা
April 16, 2026, 2:51 pm
শিরোনামঃ
বরুড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় ও দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার অংশে বাস সিএনজি সংঘর্ষে মা ছেলে নিহত কুবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন হট্টগোল ঠেকাতে পুলিশকে ফোন, পুলিশ এসে বাঁধাল বড় বিপত্তি  চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক সাগর লাকসামে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম দেবিদ্বার পৌরসভা মেয়র পদে নির্বাচনের ঘোষণা ভিপি শাহিন দেবিদ্বার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন যুবদলের সাবেক আহ্বায়ক আবুল হোসেন কুমিল্লা ইপিজেডে ফুটপাত সংস্কার নামমাত্র কাজ করে টাকা ভাগবাঁটোয়ারা দেবিদ্বার পৌরসভা এলাকায় ইমামকে মারধর ও হেনস্তা বিচার দাবিতে ইউএনওকে স্মারকলিপি

কুমিল্লা বোর্ডে শিক্ষার্থী কম, ফাঁকা থাকবে লাখের বেশি আসন

  • Update Time : Friday, June 28, 2024
  • 334 Time View

সোহাইবুল ইসলাম সোহাগ

কুমিল্লা শিক্ষা বোর্ডে উচ্চ মাধ্যমিকে ভর্তিচ্ছু সাধারণ শিক্ষার্থীর তুলনায় সরকারি–বেসরকারি কলেজ মিলিয়ে প্রায় দেড় লাখ আসন বেশি রয়েছে। শিক্ষার্থীর তুলনায় আসন বেশি হওয়ায় নতুন প্রতিষ্ঠিত কলেজগুলো কাম্য শিক্ষার্থীর শর্ত পূরণ করতে না পেরে অস্তিত্ব হারানোর শঙ্কায় রয়েছে।

শিক্ষাবিদরা মনে করেন, ভর্তি প্রক্রিয়ায় ভারসাম্য এবং পিছিয়ে পড়া কলেজগুলোর মান উন্নয়ন করে এ সংকট উত্তরণ সম্ভব। নতুবা ন্যূনতম শিক্ষার্থী নিয়ে চালানো কলেজগুলোয় মানহীন পরিবেশ এবং পাঠদান করে সংকট আরও বাড়বে।

কুমিল্লা শিক্ষা বোর্ডে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ২ লাখ ৫৭ হাজার ৪৬০ আসনের বিপরীতে ১ লাখ ৪২ হাজার ৮১ জন শিক্ষার্থী আছে। এ অবস্থায় বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজের ১ লাখ ১৫ হাজার ৩৯৭টি আসন খালি থাকবে। বোর্ডের অধিভুক্ত ৬ জেলার ৪৬১টি কলেজে অনলাইনে ভর্তির আবেদন চলছে। মাদ্রাসা কিংবা অনিয়মিত শিক্ষার্থীরাও যদি এসব কলেজে ভর্তি হয় তাও বিপুল সংখ্যক আসন খালি থেকে যাবে কলেজগুলোতে। যে কারণে সরকারি নীতিমালা অনুযায়ী শিক্ষার্থী ভর্তি ও পরীক্ষা উপযোগী করতে না পারলে অনেক প্রতিষ্ঠান সংকটের মুখোমুখি হবে।

শিক্ষার্থী সংকটে প্রতিষ্ঠানে নিবন্ধন কিংবা এমপিও হারানো শঙ্কাও রয়েছে। বিশেষ করে বেসরকারি কলেজগুলো এই সংকটে বেশি ভুগবে বলে মনে করছেন শিক্ষাবিদরা।

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক জহিরুল ইসলাম পাটোয়ারী জানান, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে শিক্ষার্থী টানতে প্রতিযোগিতা বাড়বে। ভালো প্রতিষ্ঠানগুলো এগিয়ে যাবে। আর যেসব প্রতিষ্ঠান শিক্ষার্থীদের প্রয়োজনীয় সেবা দিতে পারবে না, পিছিয়ে পড়বে। যারা এই প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে তারা স্বাভাবিকভাবে টিকে থাকতে পারবে না।

জহিরুল ইসলাম পাটোয়ারী আরও জানান, স্বীকৃতি নেওয়া বা নবায়নের জন্য যে শর্ত আছে সে অনুযায়ী কাম্য শিক্ষার্থী না পেলে যে কারো স্বীকৃতি বা এমপিও বাতিল হতে পারে।

কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলার ১৬৯টি কলেজে একাদশ শ্রেণিতে আসন সংখ্যা ৯২ হাজার ৩৫৫। এ বছর এসএসসি পাস করেছে ৫১ হাজার ৩৯ জন। এ জেলায় আসন বেশি আছে ৪১ হাজার ৩১৬টি।

ব্রাহ্মণবাড়িয়া জেলার ৭৫টি কলেজে আসন সংখ্যা ৩৯ হাজার ৭৬৫। এ বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ২০ হাজার ৩২৩ জন। আসন বেশি আছে ১৯ হাজার ৪৪২টি।

চাঁদপুর জেলার ৭০টি কলেজে আসন ৩৮ হাজার ১৬০। এ বছর এসএসসি পরীক্ষায় কৃতকার্য হয়েছে ২২ হাজার ৬৭৩ জন। এ জেলায় আসন বেশি ১৫ হাজার ৪৮৭।

নোয়াখালী জেলার ৬০টি কলেজে আসন সংখ্যা ৩৯ হাজার ৩৬০। এসএসসি পাস করেছে ২১ হাজার ৯০৪ জন। আসন বেশি ১৭ হাজার ৪৫৬টি।

লক্ষ্মীপুর জেলার ৪৬টি কলেজে আসন সংখ্যা ২৫ হাজার ২২০। এসএসসি পাস করেছে ১২ হাজার ৭৮০ জন। আসন বেশি ১২ হাজার ৪৪০টি। ফেনী জেলার ৪১টি কলেজে আসন সংখ্যা ২২ হাজার ৬০০। এ বছর এসএসসি পাস করেছে ১৩ হাজার ৩৬২ জন। আসন বেশি ৯ হাজার ২৩৮টি।

সরকারি ও বেসরকারি কলেজের প্রতিষ্ঠান প্রধানদের মতে, মান নিশ্চিত না করে এই শিক্ষার্থীর আনুপাতিক হারের চেয়ে বেশি বেসরকারি প্রতিষ্ঠান গড়ে ওঠায় সৃষ্টি হয়েছে এই সংকট। সরকারি কলেজগুলো অত্যধিক হারে আসন বৃদ্ধি করায়ও অস্তিত্ব হারানোর সংকটে পড়তে পারে বেসরকারি কলেজগুলো।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ মৃণাল কান্তি গোস্বামী জানান, যখন দেখা যাবে সরকারের নীতিমালা অনুযায়ী যখন কোনো প্রতিষ্ঠান সুযোগ-সুবিধা দিতে পারবে না তখনই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে সেসব প্রতিষ্ঠানকে বন্ধ করে দেওয়ার জন্য। কিংবা কাছাকাছি যদি কয়েকটি প্রতিষ্ঠান থাকে সেগুলোকে একসঙ্গে করে একটি প্রতিষ্ঠান তৈরি করে এগিয়ে নেওয়ার প্রয়োজন তৈরি হবে।

কুমিল্লা সিটি কলেজের অধ্যক্ষ নাদিমুল হাসান চৌধুরী জানান, প্রায় সরকারি কলেজে সিট বাড়ানো হচ্ছে। এ কারণে মনে হচ্ছে আসন সংখ্যা বেশি। তাই বেসরকারি প্রতিষ্ঠানগুলো কিন্তু সংকটে পড়বে। যেসব প্রতিষ্ঠান মান ধরে রাখতে পারবে না তারা সংকটাপন্ন হবে এটাই নিশ্চিত।

এই সংকট উত্তরণের জন্য নতুন করে কিছু পদক্ষেপ নেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদেরা। কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর জামাল নাছের জানান, ভালো শিক্ষক নিয়োগ দিয়ে পিছিয়ে পড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নিয়ে আসতে হবে। এক জায়গায় বেশি শিক্ষাপ্রতিষ্ঠান থাকলে সেগুলোকে একীভূত করা যেতে পারে। না হয় যেসব প্রতিষ্ঠান কাম্য শিক্ষার্থীর শর্ত পূরণ করতে পারবে না তারা বন্ধ হয়ে যাবে কিংবা প্রতারণার আশ্রয় নিয়ে ন্যূনতম সুযোগ-সুবিধা দিয়ে শিক্ষার্থীদের ভর্তি করে আরও সংকট বাড়াবে।

বোর্ড সূত্রে আরও জানা গেছে, একাদশ শ্রেণিতে বিজ্ঞানে আসন সংখ্যা ৭২ হাজার ৪৯০। এসএসসিতে বিজ্ঞানে পাস করেছে ৫৭ হাজার ৫১৯ জন। বিজ্ঞানে ১৪ হাজার ৯৭১টি আসন ফাঁকা থাকবে। মানবিকে আসন সংখ্যা ৯৫ হাজার ৯৪০। এসএসসিতে পাস করেছে ৩৯ হাজার ৯৭২। মানবিকে আসন ফাঁকা থাকবে ৫৫ হাজার ৯৬৮টি। ব্যবসায় শিক্ষা শাখায় আসন ৮৯ হাজার ৩০টি। এসএসসিতে উত্তীর্ণ হয়েছে এ বিভাগে ৪৪ হাজার ৫৯০ জন। আসন ফাঁকা থাকবে ৪৪ হাজার ৪৪০টি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host